দিনব্যাপী বিভিন্ন আয়োজনে উদযাপিতর হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সাংবাদিক সমিতির (কুবিসাস) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সাংবাদিকদের এ সংগঠন।
সকালে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে কেক কাটার মধ্য দিয়ে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি মো. রশিদুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ মো. সাদেকুজ্জামান, কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মো. এমদাদুল হক, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মো. শামিমুল ইসলাম, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল হক ,গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মো. বেলাল হোসাইন, আইন বিভাগের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দিক, সহকারী প্রক্টর জনি আলম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী এম আনিছুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিলগ্নে সাংবাদিক সমিতি সবসময়ই সর্বোচ্চ সহায়তা করেছে। এ ধারাবাহিতা এর আগেও দেখেছি ভবিষ্যতেও দেখতে চাই। সাংবাদিক সমিতি এই বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেবে আমরা এ আশা রাখছি। সেই সাথে সাংবাদিক সমিতির সর্বাত্মক মঙ্গল কামনা করছি।
সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক বলেন, আমরা প্রতি বছরই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করে থাকি। এবছর করোনা পরিস্থিতির কারণে সেসব সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয় খুললে আমরা বড় পরিসরে আবারও এ আয়োজন করব।
এসময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফটো কন্টেস্টের সেরা ১০ জনের নাম ঘোষণা করা হয়। কেক কাটা শেষে ক্যাম্পাসজুড়ে আমলকি, গাব, চালতা, বকুল, কাউফল, আম, লিচু ইত্যাদি বিভিন্ন ধরণের বৃক্ষ রোপণ করা হয়। এছাড়াও সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সাংবাদিক সমিতির একটি প্রীতি ব্যাডমিন্টন ম্যাচের আয়োজন করা হয়। এতে সাংবাদিক সমিতি জয় লাভ করে।
ইত্তেফাক/জেডএইচডি