সাভারে রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোরের প্রথম কর্নেল কমান্ড্যান্ট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) সকালে সাভারে বাংলাদেশ সেনাবাহিনীর রিমাউন্ট ভেটেরিনারি এন্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি) এর ডিপোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আকবর হোসেনকে আরভিএন্ডএফসি এর প্রথম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত করা হয়।
এর আগে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে আরভিএন্ডএফসি’র চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। পরে আরভিএন্ডএফসি’র জ্যেষ্ঠ অধিনায়ক ও সুবেদার মেজর প্রথম কর্নেল কমান্ড্যান্টকে আরভিএন্ডএফসি কোরের ‘কর্নেল কমান্ড্যান্ট’ র্যাংক ব্যাচ পরিয়ে দেন। সেনাবাহিনীর ঐতিহ্য ও রীতি অনুযায়ী কর্নেল কমান্ড্যান্ট একটি অত্যন্ত গৌরবময় এবং মর্যাদাপূর্ণ স্বীকৃতি।
আরো পড়ুনঃ ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফেরি ডুবি
পরে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট অনুষ্ঠানে উপস্থিত সামরিক সদস্যবৃন্দের উদ্দেশ্যে তার বক্তব্য প্রদান করেন। এসময় তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আরভিএন্ডএফসি’র বীর সেনানীসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করে সেনাবাহিনীর পুষ্টি ও জাতীয় নিরাপত্তা রক্ষায় আরভিএন্ডএফসি’র গুরুত্ব উল্লেখপূর্বক বিভিন্ন উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে ৯ম পদাতিক ডিভিশনের সাভার এরিয়া কমান্ডার ও জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীন, আরভিএন্ডএফ পরিদপ্তরের পরিচালকসহ কোরের অধীনস্থ সকল ইউনিটের অধিনায়ক ও সদস্যবৃন্দ এবং সাভার এরিয়ার সামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমএএম