শীতের পিঠা-পায়েস

শীতকাল আসতে আর মাত্র এক সপ্তাহ দেরি। এই সময়ে সকাল ও বিকালের নাস্তায়ও আসছে ভিন্নতা। শীতের পিঠা ও পায়েস নিয়ে এবারের রেসিপিগুলো দিয়েছেন শেফ শিরিনা রহমান লাবনী

খেজুর রসের পায়েস

 

উপকরণ :চাল ১ কাপ, চিনি ৪ কাপ, পেস্তা বাদাম ১ চামচ, কাঠ বাদাম ১ চামচ, কাজু বাদাম ১ চামচ, কিসমিস ১ চামচ, এলাচ ৩টি, দারুচিনি ২টি, খেজুরের রস ১ কেজি, দুধ ২ কেজি।

প্রণালি :দুধ ঘন করে জ্বাল দিয়ে নিতে হবে। চালটা ধুয়ে ২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে; অন্যদিকে দুধ জ্বাল দিতে হবে। দুধ যখন ফুটতে থাকবে তখন চাল, চিনি, খেজুরের রস, লবণ দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এরপর চাল ভালো করে সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু পর পর নেড়ে দিতে হবে যেন চাল হাড়ির তলায় লেগে না যায়। চাল সিদ্ধ হয়ে গেলে সবকিছু ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন।এবার বাদাম কিসমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন খেজুর রসের পায়েস।

 

ভাপা কুলি পিঠা

 

উপকরণ :আতপ চালের গুঁড়া ৪ কাপ, পানি ২ কাপ, চিনি ২ কাপ, নারিকেল কোরানো ২ কাপ, সুজি ৪ চামচ।

প্রণালি :প্রথমে একটি পাতিলে পানি গরম করে তার মধ্যে পরিমাণমতো লবণ দিতে হবে। পানি যখন ফুটে উঠবে চালের গুঁড়া দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা আটা ডাকনা দিয়ে ৫-১০ মিনিট ঢেকে রাখতে হবে। তারপর চুলায় আরেকটি পাতিলে চিনি ও নারিকেল দিয়ে সামান্য জ্বালে আস্তে আস্তে নাড়তে হবে। চিনি যখন গলে নারিকেলের সঙ্গে মিশে যাবে তখন সুজি দিয়ে আরও ৫-১০ মিনিট নাড়তে হবে। ৫-১০ মিনিট পর নামিয়ে নিতে হবে। রেডি হয়ে গেল কুলি পিঠার ভিতরের পুর।

এরপর আটা ভালো করে মদে নিতে হবে। মদা হয়ে গেলে ছোট রুটির মতো বানিয়ে নিতে হবে। রুটির মধ্যে পুর দিয়ে রুটির মুখ আটকেয়ে নিতে হবে। এভাবে সবগুলো রেডি করে নিতে হবে। চুলার উপর বড় একটা পাতিলে পানি দিয়ে গরম দিতে হবে পানি যখন ফুটে উঠবে পাতিলটার উপরে একটা জাজরি বসিয়ে দিতে হবে। তার উপর পিঠাগুলো দিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে ২০-২৫ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। তাতেই হয়ে গেল মাজাদার ভাপা কুলি পিঠা।