মাতৃত্বকে অনুভব করার আনন্দ ভীষণ। এটা বলে বোঝানো যাবে না।’ —কেমন আছেন জানতে চাইলে মডেল অভিনেত্রী জান্নাতুল পিয়া এমনটাই বললেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ডাকসাইটে মডেল যখন মা হতে চলেন। অধিকাংশ ক্ষেত্রে এই সময়কালে তারকাদের খুব একটা ছবি পোস্ট বা স্থুল শরীর ছবি সামাজিক মাধ্যমে দেখা যায় না। কিন্তু প্রায় একই সময়ে দুই দেশের দুই তারকার ছবি ও মেসেজ দেখছেন দর্শকেরা। বলিউডের আনুশকা শর্মা ও আমাদের পিয়া জান্নাতুল। বরাবরই সবসময়ের অকপট মডেল অভিনেতা পিয়া এ ব্যাপারেও সাবলীল। পিয়ার কথায়, ‘মানুষকে সব অধ্যায়ের ভেতর দিয়েই যেতে হয়। প্রত্যেক পর্বের আলাদা আলাদা আনন্দ আছে। আমি তাই প্রতিটি ফ্রেমকেই জীবনের অনুসঙ্গে রাখতে চাই। আর মাতৃত্ব নারীর সবচেয়ে বড় সৌন্দর্য মনে করি।’
এসময়টায় কী করছেন জানতে চাইলে পিয়া বলেন, ‘প্রচুর পড়াশোনা করছি। এমনিতে ল’প্র্যাকটিসে পড়াশোনার ভেতরেই থাকতে হয়। কিন্তু গল্প উপন্যাস পড়ছি এখন। আমি বরাবরই বই পাগল। তবে মাঝে নানান কাজের ব্যস্ততায় পড়াশোনাটা কমে গিয়েছিল। প্রিয় বইগুলো কিনে রেখেছিলাম। সেগুলোই পড়ছি এখন। দারুণ দারুণ মুভি দেখছি। কিছু মোটিভেশনাল কাজের ভিডিওতেও অংশ নিলাম। কিছু প্রডাক্ট ক্যাম্পেইন প্রোগ্রামেও এর ভেতরে ঘরে বসে অংশ নিলাম।’
কোনো কাজকে মিস করেন কি না? ‘না দেখুন, কাজটা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। কাজ বলতে ভালো একটা টিভিসি শুট বা নাটকের কথায় তো বলছেন। সেক্ষেত্রে আমি আমার টোটাল ক্যারিয়ারে কখনোই এসব ব্যাপারে অস্থির ছিলাম না। আমাকে অনেকগুলো নাটক করতে হবে, আমার জীবনে অনেকগুলো টিভিসি করতে হবে। এসব আমার অভিধানে নেই ছিলও না কখনো।’
নিজের ছন্দেই তাই দিন কাটাচ্ছেন তিনি। শুভকামনা পিয়া ও তার নতুন আগামীর জন্য।