জামালপুর শহরের সকাল বাজার এলাকার সোনালী ব্যাংক প্রধান শাখা থেকে গ্রাহকের সাড়ে ৪ লাখ টাকা চুরির ঘটনায় চোরচক্রের মূলহোতা আবুল কালামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) ভোরে তাকে ঢাকার গেণ্ডারিয়ার ১১নং লালচাঁন থেকে গ্রেফতার করা হয়। আবুল কালাম খুলনা জেলার সোনাডাঙ্গার শেখপাল গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
জামালপুরের পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন (পিপিএম বিপিএম বার) জানান, স্ট্যাম্প ভেন্ডার বারেন্দ্র নাগ শুনুর কর্মচারী সোহাগ গত ৩০ নভেম্বর দুপুরে সোনালী ব্যাংকের প্রধান শাখায় জমি রেজিস্ট্রির জন্য সরকারি রাজস্বের সাড়ে ৪ লাখ জমা দিতে যান। সোহাগ ব্যাংকের ক্যাশ-কাউন্টারে টাকা জমা দেয়ার সময় অভিনব কায়দায় পুরো টাকা হাতিয়ে নেয় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ব্যাংকের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে সদর থানার পুলিশ।
আরো পড়ুনঃ করোনায় ১ হাজার ৯৪৭ জন শিল্পী-কলাকুশলীকে প্রধানমন্ত্রীর প্রণোদনা
এ ঘটনায় সোহাগ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সিসিটিভির ফুটেজ দেখে ওইদিন ভোরে ঢাকার গেণ্ডারিয়ার চোরচক্রের মূলহোতা আবুল কালামকে গ্রেফতার করে জামালপুর সদর পুলিশ। জামালপুর সদর থানার ওসি জানান গ্রেফতারকৃত কালামের স্বীকারোক্তিতে চোরচক্রের আরো ৪ সদস্যকে শনাক্ত করা হয়েছে । তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান।
ইত্তেফাক/এমএএম