পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ পৌর এলাকায় শুরু হয়েছে আগাম গণসংযোগ ও নির্বাচনি প্রস্তুতি। পাশাপাশি দলীয় মনোনয়ন পেতে চলছে রীতিমতো দৌড়ঝাঁপ। নয় জন মেয়র প্রার্থী ও প্রায় দেড় ডজন কাউন্সিলর প্রার্থী আগেভাগেই মাঠে নেমে পড়েছেন। চলছে দিন-রাত ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিলি, চায়ের স্টল, হোটেল-রেস্তোরাঁয় আড্ডা, ঘরোয়া বৈঠক ও পরামর্শ সভা। নেতাকর্মীদের কাছে ধরনাও দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
জানা গেছে, রায়গঞ্জ পৌরসভায় মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে চেষ্টা করছেন বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক আখছারুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, পৌর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ-বিষয়ক সম্পাদক এবং সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক এম এম হাসানুজ্জামান সুলতান ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ আকন্দ। বসে নেই বিএনপি প্রার্থীরাও। প্রার্থী হতে ইচ্ছুক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত নুর সাঈদ সরকারের ছেলে সাইফুল্লাহ ইবনে সজল।