সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে টমটম চালকের মৃত্যু

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে নেছার আহমদ (৫৩) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নিত্য লাল দাশ বাঁচা (৬৫) নামে এক বৃদ্ধ। রবিবার রাত ৮টার দিকে উপজেলার বাজালিয়া-ধর্মপুর ইউনিয়নের সীমান্ত এলাকা পশ্চিম বাজালিয়া মোনায়েম মসজিদের সামনে ও ধর্মপুর বিশ্বেরহাট দাশপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ধর্মপুর ইউনিয়নের চাঁদের পাড়ার মৃত বাঁচা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুস সালাম চৌধুরী ও বাজালিয়ার বড়দুয়ারার ফরেস্টার বিট কাম চেক স্টেশন অফিসার সিকদার আতিকুর রহমান বলেন, বন বিভাগের নিয়ম অনুযায়ী নিহত ও আহতের ক্ষতিপূরণ দেওয়া হবে। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের আবেদন করলে দাফনের জন্য লাশ তাদের দিয়ে দেওয়া হবে।