শীর্ষস্থান ধরে রাখল টটেনহ্যাম

উত্তর লন্ডন ডার্বিতে আর্সেনালকে ২-০ গোলে হারিয়ে লিগের শীর্ষস্থানটা ধরে রাখল কোচ জোসে মরিনহোর টটেনহাম হটস্পার্স। আর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এনফিল্ডে দর্শক-বরণ করেছে য়ুর্গেন ক্লপের লিভারপুল। বর্তমানে স্পার্সের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানের জন্য দ্বিতীয় অবস্থানে আছে মোহামেদ সালাহরা।

প্রথমার্ধে ৩৮ শতাংশ এবং দ্বিতীয়ার্ধে মাত্র ১৮ শতাংশ বলের দখল। পুরো সময় বাসপার্ক এবং হ্যারি কেইন-হিউয়েন মিং সনের বদৌলতে প্রতি আক্রমণে দুটি গোল। মরিনহোর স্পার্সের সব ম্যাচের চিত্রই যেন এটি। স্বভাবসুলভ এই জয় দিয়ে গোল ব্যবধানে শীর্ষস্থান ধরে রেখেছে কেইনরা। তবে উত্তর লন্ডনের অপর দলের দুর্ভাগ্য যেন আর কাটছেই না। লিগে গত চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট, লিগ টেবিলে ১৫তম; ১১ ম্যাচ শেষে গত ১০ বছরে এরচেয়ে বাজে অবস্থানে কখনো ছিল না আর্সেনাল। দুর্দান্ত শুরু পর ম্যানেজার মিকেল আরতেতার ভবিষ্যত্ যে এখন কাঁটাতারে, সেটা বিশেষভাবে না বলে দিলেও চলে।

দিনের অন্য ম্যাচে মোহাম্মদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে উলভসের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে লিভারপুল। দীর্ঘ ২৭০ দিন পর এনফিল্ডে ফেরা ভক্তদের আগ্রাসি পারফরম্যান্স উপহার দিয়েই বরণ করে নিল য়ুর্গেন ক্লপের শিষ্যরা। একটি গোল করে ও আরেকটি করিয়ে ম্যাচসেরা হওয়া সালাহর প্রিমিয়ার লিগ গোলসংখ্যা এদিনে ছুঁয়েছে এ লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বমোট গোলসংখ্যাকে । প্রাক্তন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রোনালদোর চেয়ে ৬৬ ম্যাচ কম খেলে ৮৪ গোল করেছেন এই মিশরীয়।