সিরিজ নিয়ে বিপাকে দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ড দলে একজনের করোনা শনাক্ত হওয়ার কারণে বাতিল হয়ে গেছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেও। ফলে সিরিজ আয়োজন তো বটেই, আসন্ন শ্রীলঙ্কা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়েও শঙ্কায় পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ওয়ানডে পিছিয়েছে দুই বার। প্রথমবার দক্ষিণ আফ্রিকার একজন, এরপর হোটেল স্টাফদের দুই জন করোনা আক্রান্ত হন। এবার দ্বিতীয় ওয়ানডেও বাতিল হলো ইংল্যান্ডের একজনের করোনা পজেটিভ আসার ঘটনায়। আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ছাড়বে ইংল্যান্ড, এরই মধ্যে জটিলতা কাটিয়ে সিরিজ আয়োজনের চ্যালেঞ্জ এখন প্রোটিয়াদের সামনে।

এদিকে দক্ষিণ আফ্রিকার বায়ো সিকিওর বাবল নিয়ে প্রশ্ন তুলেছে ইংল্যান্ড। করোনার কারণে যদি শেষমেশ বাতিলই হয় ওয়ানডে সিরিজ, তখন ভবিষ্যত্ সিরিজ আয়োজন নিয়েও সৃষ্টি হবে বড় রকমের শঙ্কাই।

সে পরিস্থিতি এড়াতেই হয়তো, দ্বিতীয় ওয়ানডে বাতিল করেনি ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এখনো সিরিজ আয়োজনের আশা করছে দেশটির ক্রিকেট বোর্ড। আনুষ্ঠানিক বিবৃতিতে রবিবার জানানো হয়, মঙ্গলবার ও বুধবার দুটি ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তবে তার আগে দুই দল, কোচিং স্টাফ ও দলের সঙ্গে জড়িত প্রত্যেক স্টাফের করোনা নেগেটিভ আসতে হবে, সত্যায়ন থাকতে হবে নিরপেক্ষ মেডিক্যাল কর্মকর্তার। তবেই মিলবে সিরিজ আয়োজনের অনুমতি।