মাগুরা জেলা চ্যাম্পিয়ন

আফসোসে পুড়ে যাচ্ছে রংপুর। গোল করে এগিয়ে থেকেও ফাইনালে জিততে পারল না। পালটা গোল করে জেএফএ কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা। নাটকীয় ফাইনাল হয়েছে রাজশাহীতে। গতকাল দুপুরে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৪ জেএফএ কাপ নারী ফুটবল ফাইনালে মাগুরা জেলা দল ৩-১ গোলে রংপুর জেলা ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন দলের নবিরন খাতুন ২, অর্পিতা বিশ্বাস এবং রানার্সআপ দলের অধিনায়ক খাদিজা গোল করে।

খাদিজার গোলে ১৪ মিনিটে এগিয়ে গিয়েছিল রংপুর। কিন্তু ২০ মিনিটেই সমতা আনেন মাগুরার অধিনায়ক নবিরন খাতুন। দ্বিতীয়ার্ধেও নবিরন গোল করে এগিয়ে দেন। ৬৪ মিনিটে অর্পিতা বিশ্বাস গোল করে চ্যাম্পিয়ন হওয়ার পথে মাগুরাকে একধাপ এগিয়ে দেয়।  জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) অর্থায়নে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন মাগুরার সুবর্ণা খাতুন, নবিরন খাতুন। একই দলের অর্পিতা বিশ্বাস ৯ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। রংপুরের রেশমী আক্তার সেরা প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কার পান।

রাজশাহী ফেয়ার প্লে ট্রফি, নওগাঁ সেরা আঞ্চলিক ভেন্যু নির্বাচিত হয়। পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল জলিল। বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, ফিফার সদস্য মাহফুজা আক্তার কিরণ, রাজশাহী ডিএফএর সভাপতি মাহফুজুল আলম লোটন, ওয়ালটনের পরিচালক ইকবাল বিন আনোয়ার।

মাগুরা জেলা :

ঈশিতা মন্ডল, নবিরন খাতুন (অধিনায়ক), সুবর্ণা খাতুন, কন্যা কর্মকার, বৃষ্টি, মীম খাতুন, জয়ন্তী রাণী মন্ডল, দিপা মন্ডল, অর্পিতা বিশ্বাস, সোনিয়া খাতুন, সুমাইয়া আক্তার, রামিশা। কোচ প্রভাষ রঞ্জন দেব। ম্যানেজার জিল্লুর রহমান লাজুক। 

রংপুর জেলা :

সীমা আক্তার, বর্ষা, শিলা আক্তার, রিতা, দিলরুবা, রেশমি আক্তার, সুমি, নাসিমা, শাম্মি আক্তার, খাদিজা (অধিনায়ক), শারমিন নাহার, হাসি আক্তার, হাবিবা, ইসলাত জাহান। কোচ মিলন খান, ম্যানেজার রুনা আক্তার। রেফারি আলেয়া বেগম আলো।