নিউ ইয়র্কে করোনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মারা গেছেন বাংলাদেশি যুবক গোলাম রহমান সেলিম। ২১ দিন ধরে হাসপাতালে চিকিত্সাধীন থাকাবস্থায় বুধবার তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৪৮ বছর। মরহুমের স্ত্রী ও দুই বছর বয়সি একমাত্র কন্যা ঢাকাতেই থাকেন। সেলিমের পৈতৃক বাড়ি পুরান ঢাকার হাজারীবাগে। সেলিমের আরো পাঁচ ভাই যুক্তরাষ্ট্রে বাস করেন।

মরহুম সেলিমের বড় ভাই গোলাম মেরাজ নিউ ইয়র্কে বাঙালি কমিউনিটির নেতা এবং রিপাবলিকান পার্টির নেতা। গোলাম মেরাজ জাতীয় পার্টির (জাপা) প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের সাবেক আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা। এছাড়া তিনি বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে গোলাম মেরাজ ইত্তেফাককে জানান, বৃহস্পতিবার লং আইল্যান্ডে জানাজা শেষে ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে তার ছোট ভাইকে দাফন করা হয়েছে।