বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। গতকাল সোমবার প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা অনূর্ধ্ব দ্বাদশ বা এ লেভেল বা সমমানের ছাত্রছাত্রীদের জন্য ‘সোনার বাংলা গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন ও পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক রচনা এবং ডিএসইর সব শেয়ারহোল্ডার এবং পুঁজিবাজারের সব বিনিয়োগকারীর (বিও হিসাবধারী) ছেলেমেয়ে যারা অনূর্ধ্ব দশম বা ও লেভেল বা সমমানের ছাত্রছাত্রী, তারা ‘বঙ্গবন্ধুই বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। আগ্রহীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে রচনা ও অঙ্কন (ডিএসই টাওয়ার, লেভেল-৩, বাড়ি-৪৬, সড়ক-২১, নিকুঞ্জ-২, ঢাকা-১২২৯)—এই ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো বিস্তারিত তথ্য ডিএসইর ওয়েবসাইটে দেওয়া হয়েছে।