কালীগঞ্জে নদীতীরবর্তী মানুষের সঙ্গে মতবিনিময়

কালীগঞ্জে নদীতীরবর্তী মানুষের সঙ্গে মতবিনিময় ও নদী সচেতনতায় তৈরির বিশেষ কার্যক্রম হিসেবে তৃণমূলে নদী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। জাতীয় নদী রক্ষা কমিশনের ৪৮ নদী সমীক্ষা প্রকল্প ও কালীগঞ্জ উপজেলা নদী রক্ষা কমিটির আয়োজনে এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দল কালীগঞ্জ উপজেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও ৪৮ নদী সমীক্ষা প্রকল্পের পরিচালক ইকরামুল হক, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুত্ফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার।