শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে শিক্ষামন্ত্রীর শরীরে জ্বর অনুভূত হওয়ায় রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে। ঐ দিন রাত ১০টায় কোভিড-১৯-এর নমুনা পরীক্ষার ফলে তার করোনা পজিটিভ ধরা পড়ে। শিক্ষামন্ত্রী ভালো আছেন এবং বাসায় থেকে চিকিত্সা নিচ্ছেন বলেও জানান তিনি।
এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার তিনি কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পান। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিনি নমুনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ পাওয়ার পর থেকে নুরুল ইসলাম নাহিদ নিজ বাসায় আইসোলেশনে চলে যান। চিকিত্সকরা সার্বক্ষণিক তার খোঁজখবর নিচ্ছেন।