বাজারে মুলা ফেলে যাচ্ছে কৃষক

বাগমারায় উত্পাদিত মুলা বিক্রি করতে না পারায় সেগুলো বাজারেই ফেলে যাচ্ছে চাষিরা। গত কয়েক হাট ধরে ভবানীগঞ্জসহ উপজেলার বিভিন্ন হাটবাজারে এমন চিত্রই দেখা মিলছে। পরে পৌর কর্তৃপক্ষ পৌরসভার ট্রাক দিয়ে সেসব মুলা ভাগাড়ে ফেলে দিয়ে মাঠ পরিষ্কার করে।

মুলাচাষি রফিকুল ইসলাম জানান, তিনি এবার তিন বিঘা জমিতে আগাম মুলা চাষ করেছিলেন। শুরুতে তার উত্পাদিত মুলা ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। তবে এখন সেই মুলা ৫০ পয়সা কেজি দরেও বিক্রি করতে পারছেন না। মুলার বেপারী তাহেরপুরের রহিদুল ইসলাম জানান, এখন মুলার চালান পাঠিয়ে কোনো লাভই হচ্ছে না। তাই তারা অন্যান্য সবজি ক্রয় করে সেগুলো রপ্তানি করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, এখন শীতকালীন বিভিন্ন সবজির উত্পাদন ও সরবরাহ দুটোই ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই মুলা আর কেউ কিনতে চাইছে না। তবে মুলা চাষ করে চাষিদের তেমন লস হয়নি।

ইত্তেফাক/এসআই