পূর্ব চীন সাগরে চীনের বাড়তে থাকা আধিপত্য রুখতে আগামী বছর মে মাসে প্রথমবারের মতো সেখানে যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করেছে জাপান, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।
জাপানের সাঙ্কেই পত্রিকা রবিবার এ খবর প্রকাশ করেছে। তবে খবরটি নিশ্চিত হতে বার্তা সংস্থা রয়টার্স থেকে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
জাপানের ঐ দৈনিকে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপাঞ্চলের সাগরে এবং স্থলভাগে মহড়া চালানো হবে। জাপান নিয়ন্ত্রিত ঐ দ্বীপাঞ্চলকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
জাপানের সাঙ্কেই দৈনিককে দেওয়া আলাদা এক সাক্ষাত্কারে ফরাসি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল পিয়ের ভনদিয়ের বলেন, ‘আমরা ঐ অঞ্চলে নিজেদের উপস্থিতি আরো দৃঢ় করতে এবং জাপান ও ফ্রান্সের সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে একটি বার্তা দিতে চাই। ‘এই বার্তা চীনের জন্য। এই বার্তা বহুপক্ষীয় অংশীদারিত্ব এবং যাতায়াতের স্বাধীনতা নিয়ে বার্তা।’
ওদিকে চীন বলছে, ঐ অঞ্চলে তাদের সব ধরনের কর্মকাণ্ডের লক্ষ্য শান্তিপূর্ণ। কিন্তু পূর্ব চীন সাগরের বিতর্কিত অঞ্চলে চীনের নৌবাহিনীর অতিরিক্ত সক্রিয়তা নিয়ে জাপানের উদ্বেগ দিন দিন বাড়ছে।-রয়টার্স