হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, অভিযানে মাদকসহ আটক বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের বকুল মিয়ার ছেলে আলাল মিয়া (২১), একই গ্রামের নাসির উদ্দিন বেনু মোল্লার ছেলে লুৎফুর রহমান রাব্বি (১৮) ও নেত্রকোনা জেলার খালিয়াজুরি উপজেলার আশাকৃষ্ণপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে সিরাজুল ইসলাম (২৪)। তারা সবাই মাদক ব্যবসায় জড়িত। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা ও গাঁজা বহনকারী সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক এর নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশাকে আটক করেন।
সিএনজিতে থাকা উল্লেখিত ৩ মাদক ব্যবসায়ীকে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ব্যাপারে ওসি তৌফিকুল ইসলাম তৌফিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে।
ইত্তেফাক/কেকে