চীনকে 'দমাতে' যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স

দক্ষিণ চীন সাগরের মতো পূর্ব চীন সাগরেও ক্রমশ আধিপত্য বিস্তার করছে চীন। আর এটি বুঝতে পেরেই ইতিহাসে এই প্রথম একসঙ্গে সামরিক ও নৌ মহড়ায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপান। আগামী বছরের মে মাসে জাপানের একটি অচেনা দ্বীপে ওই যৌথ মহড়া হবে বলে জানা গেছে।  তবে এখনও পর্যন্ত টোকিওর তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

রবিবার জাপানের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ২০২১ সালের মে মাসে পূর্ব চীন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপে সামরিক ও নৌ মহড়া চালাবে তিনটি দেশ। 

নাম প্রকাশে অনিচ্ছুক জাপান প্রশাসনের এক কর্মকর্তা জানান, পূর্ব চীন সাগরে জাপানের নিয়ন্ত্রিত দ্বীপগুলিতে আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টা করছে চীন। সেই কারণে এই প্রথম জাপান, আমেরিকা ও ফ্রান্স একসঙ্গে যৌথ সামরিক  ও নৌ মহড়ার করার পরিকল্পনা নিয়েছে।

জাপানের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো না হলেও মুখ খুলেছেন ফ্রান্সের নৌ সেনার প্রধান অ্যাডমিরাল পিয়ের ভানদিয়ের। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘ওই এলাকায় আমাদের উপস্থিতি জানান দেওয়ার জন্যই এই যৌথ সামরিক মহড়া করা হচ্ছে। এর ফলে চীনকে যেমন একটা বার্তা দেওয়া হবে তেমনি জাপান ও ফ্রান্সের সম্পর্কও আর দৃঢ় হবে।

ইত্তেফাক/এআর