২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে স্বাক্ষর হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে নিঃশর্তভাবে ফিরে আসার আহ্বান করেছে চীন। একইসঙ্গে এই সমঝোতা বাস্তবায়নের জন্য ওয়াশিংটনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বলেছে তারা।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সোমবার (৭ ডিসেম্বর) রাজধানী বেইজিংয়ে এক সংবাদ বিবৃতিতে বলেন,ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকাকে অবশ্যই নিঃশর্তভাবে ফিরে আসতে হবে।
তিনি আরো বলেন,আমরা আশা করি সব পক্ষই সবসময় ধৈর্য ধরবে ও সহনশীল থাকবে। এছাড়া, তাদেরকে পরমাণু সমঝোতা রক্ষার বিষয়ে একমত থাকতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মার্কিন প্রশাসনকে এই সমঝোতায় ফিরে আসতে হবে এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
আরো পড়ুন: চীনকে 'দমাতে' যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে জাপান, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স
জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, নতুন করে ইরানকে পরমাণু আলোচনায় যুক্ত হতে হবে এবং সে আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকেও অন্তর্ভুক্ত করতে হবে।
চীনা মুখপাত্র জার্মান পররাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের জবাব দিয়ে বলেন, পরমাণু সমঝোতাটি অত্যন্ত জটিল ও স্পর্শকাতর। পরমাণু ইস্যুর যেকোনো রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের জন্য এ সমঝোতার বাস্তবায়ন হলো সেটির পূর্বশর্ত। পার্সটুডে।
ইত্তেফাক/এএইচপি