স্পোর্টস রিপোর্টার
ফেডারেশন কাপ ফুটবলে যেসব দল খেলবে সেসব দলের খেলোয়াড়দের করোনা টেস্ট করানো হবে। ক্লাবগুলোকে করোনা টেস্ট করিয়ে মাঠে নামাতে অনুরোধ করা হয়েছে। আর যদি বাফুফের সহযোগিতা চাওয়া হয় তাহলে সেটাও করা হবে। কোনো ফুটবলার যদি করোনা আক্রান্ত হয়ে মাঠে নামনে তার কারণে পুরো ফুটবল দল ঝুঁকির মধ্যে থাকবে। কোনো ঝুঁকি নেওয়া যাবে না। গতকাল দুপুরে বাফুফে ভবনে ফেডারেশনের কাপের স্পন্সর সাইনিং অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবগুলোর সামনে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রিমিয়ার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তিনি বলেছেন, ‘কেউ যদি শনাক্ত হয়ে মাঠে নামনে এবং গোপন রাখেন, তার কারণে অন্য ফুটবলাররাও ঝুঁকির মধ্যে থাকবেন। আমরা স্বাস্থ্যগত বিষয়টি সুনিশ্চিত করতে চাই। এখানে এএফসির গাইডলাইন রয়েছে। ক্লাবগুলো যেন ওয়ানটাইম গ্লাস বা কাপ ব্যবহার করে। তাহলে ঝুঁকি কমবে।’ করোনায় আক্রান্ত পৃথিবীর বর্তমান অবস্থার কথাও উল্লেখ করে তিনি বলেন, ‘এএফসি যে নির্দেশনা দিয়েছে তার আলোকে খেলা হবে। আমরা সীমিতসংখ্যক দর্শক প্রবেশ করতে দেব। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি অনেক বড়। এখানেই সুবিধা। জায়গা ফাঁক রেখে দর্শক বসেতে পারবে।’ সালাম মুর্শেদী বলেন, ‘করোনা নিয়ে ফিফা রেফারিং আইনে পরিবর্তন এনেছে। ক্লাবগুলো চাইলে সেই আইনগুলো জানতে পারে। প্রয়োজনে বাফুফে ভবনে একটা সেশন করে খেলোয়াড়দেরকে জানিয়ে দেওয়া যায়।’
ফেডারেশন কাপ ফুটবল মাঠে গড়াবে ২২ ডিসেম্বর। কয়টি দল খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত করতে পারছে না ফেডারেশন। কারণ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দল গঠন নিয়ে ঝামেলায় পড়েছে। এই দলটি অর্থিক সংকটে পড়েছে। সালাম মুর্শেদী মুক্তিযোদ্ধা সংসদ প্রশ্নে বলেন, ‘আমরা কথা বলেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। মুক্তিযোদ্ধা সংসদের যে পরিমাণ সম্পদ রয়েছে তা দিয়ে ফুটবল দল গঠন করা কোনো ব্যাপারই না। আসলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিষয়টা আমলাতান্ত্রিক জটিলতায় আটকে গিয়েছে।’
ফেডকাপের টাইটেল স্পন্সর ওয়ালটন, পাওয়ার্ড বাই প্রিমিয়ার ব্যাংক লি. এবং কো-স্পন্সর আইএফআইসি ব্যাংক লি.। গতকাল ফুটবল ভবনে সংবাদ সম্মেলনে এই তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয় বাফুফের। বাফুফের কর্মকর্তারা ছাড়াও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইববাল বিন আনোয়ার, প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শামসুদ্দিন চৌধুরী এবং আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর শাহ্ মো. মঈনুদ্দিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওয়ালটন ঘোষণা দিয়েছে ম্যাচে দর্শকের জন্য লটারিতে পুরস্কার থাকবে।
চ্যাম্পিয়ন ৫ ও রানার্সআপ ৩ লাখ এবং অংশগ্রহণকারী প্রতি দল পাবে ২ লাখ টাকা।