স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ শেষ ষোল নিশ্চিতের আশায় বরুশিয়া মুনশেনগ্ল্যাডবাখকে আতিথ্য দেবে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। মাদ্রিদের অপর দল অ্যাটলেটিকো মাদ্রিদও এদিনে রেড বুল এরিনায় পা রাখবে আরবি সালসবুর্গের বিপক্ষে হার এড়িয়ে নক-আউট পর্ব নিশ্চিতের প্রতিক্ষায়।
টানা দ্বিতীয় সপ্তাহের জন্য একই রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিতের অগ্নিপরীক্ষায় নামবে মাদ্রিদের দুই দল। টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলে ইতিহাস গড়া ম্যানেজার জিনেদিন জিদানকে আজ চোখ রাঙানি দিচ্ছে লজ্জার এক রেকর্ড। ১৩ বারের চ্যাম্পিয়নরা যে, কখনোই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েনি! ডি স্টেফানো স্টেডিয়ামে আজ সেই লজ্জা এড়াতে হলে জার্মান দল মুনশেনগ্ল্যাডবাখের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই করিম বেনজেমাদের। ড্রয়েও অবশ্য নিশ্চিত হতে পারে পরের পর্ব, তবে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্য ম্যাচের দিকে। শাখটার ডনেস্ক, ইন্টার মিলানের মধ্যকার সেই ম্যাচ ড্র হলেই কেবল ড্র করে পার পাবে জিদানের শিষ্যরা। লস ব্ল্যাঙ্কসদের জন্য সুসংবাদ হচ্ছে, আজকের ম্যাচ দিয়েই চার সপ্তাহ পর মাঠে ফিরতে পারেন অধিনায়ক সার্জিও রামোস। এই গ্রুপের বাকি দলগুলোর হিসাব নিকাশও রিয়াল মাদ্রিদের মতোই জটিল। চার দলেরই সম্ভাবনা আছে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার, চার দলেরই সম্ভাবনা আছে নক-আউট পর্বে যাওয়ার। ড্র করলেই নিশ্চিত হয়ে যাবে গ্ল্যাডবাখের শেষ ষোল। রিয়াল মাদ্রিদ হারলে শাখটারের পরের পর্বও নিশ্চিত হয়ে যাবে ড্রতেই। তবে পরের পর্বে যেতে হলে যেভাবেই হোক জিততে হবে এন্তনিয়ো কন্তের ইন্টার মিলানকে। ‘এ’ গ্রুপে অ্যাটলেটিকো মাদ্রিদের হিসাব নিকাশটা অবশ্য এতটা জটিল নয়। সালসবুর্গের বিপক্ষে পরাজয় এড়ালেই নিশ্চিত হয়ে যাবে শেষ ষোল। তবে মার্কিন ম্যানেজার জেসে মার্সের উদ্যমী রেডবুলকে তাদের মাঠে সামলাতে হবে ডিয়েগো সিমিওনের শিষ্যদের। অন্যদিকে ‘এ’ গ্রুপের অলিখিত নক-আউট ম্যাচে মুখোমুখি হচ্ছে আয়াক্স, আটালান্টা। এই গ্রুপের একমাত্র দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করা লিভারপুল মাঠে নামবে মিটজিল্যান্ডের বিপক্ষে।