সমুদ্রে যাবে ‘স্মার্টবোট’

বরগুনা (উত্তর) প্রতিনিধি

জীবনরক্ষার প্রাথমিক সরঞ্জামাদি নিয়ে মাছ শিকারের জন্য নদীতে ভাসানো হয়েছে ‘স্মার্টবোট’ নামে সমুদ্রগামী একটি মাছ ধরা ট্রলার। বয়া ও রেডিওসহ জীবনরক্ষার ১০টি সরঞ্জাম নিয়ে এ ট্রলারকে ‘স্মার্টবোট’ নামে ঘোষণা করেছে বরগুনা জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীসংলগ্ন বাইনচটকি ফেরিঘাটে ঐ স্মার্টবোটের উদ্বোধন করেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। তিনি বলেন, এর ফলে জেলেরা সমুদ্রে দুর্যোগকালীন জরুরি মুহূর্তে বা দুর্যোগ-পরবর্তী কয়েক দিন সমুদ্রে জীবন ও জীবিকার জন্য টিকে থাকতে পারবে।এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা বলেন, স্মার্টবোটের প্রাথমিক জীবনরক্ষা সরঞ্জামগুলো ব্যবহারের মাধ্যমে নদী বা সাগরে প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণে মত্স্য আহরণ বৃদ্ধি পাবে।