নেত্রকোনা প্রতিনিধি
২০০৫ সালের ৮ ডিসেম্বর নেত্রকোনা উদীচী অফিসের সামনে জেএমবির বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা আর গণজাগরণের মাধ্যমে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড নির্মূলের অঙ্গীকারের মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস। ট্র্যাজিডি দিবস উপলক্ষ্যে কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সুব্রত ঘোষ জানান, সকাল ৯টা ৩০ মিনিটে জেলা শহরের অজহর রোডে উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ১০টা ৪০ থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত নীরবে দাঁড়িয়ে ‘স্তব্ধ নেত্রকোনা’ কর্মসূচি পালন করা হয়। এ সময় শহরে সব ধরনের যানবাহন পাঁচ মিনিটের জন্য থমকে থাকে। বেলা ১১টায় স্থানীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে জেলা শহর প্রদক্ষিণ করে। দুপুর ১২টায় শহিদের কবর ও শ্মশানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।