আসামিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

জিলানী হত্যা মামলা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার যুবলীগ কর্মী জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানীকে হত্যার ঘটনায় আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী কুমিল্লা নগরীর চৌয়ারা বাজার এলাকায় এ প্রতিবাদী কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন—অহিদুর রহমান, জাকির হোসেন মানিক, হাসান বাবর বাবু, নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা। এ সময় নিহত জিলানীর মা ফেরদৌস আরা বেগম, স্ত্রী জাহানারা বেগমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচির দুই দিকে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই-কুমিল্লার পরিদর্শক বিপুল চন্দ্র দেবনাথ বলেন, এ মামলার এজাহারনামীয় একজন আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, ১১ নভেম্বর যুবলীগ কর্মী জিলানীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।