পিরোজপুর অফিস
পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে মো. হালিম ঢালী (৪৪) নামে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ আদেশ দেন। রায়ে আদালত সাজাপ্রাপ্তকে আরো ১ লাখ টাকা জরিমানা করেন। একই রায়ে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। হালিম মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মাঝেরপুল এলাকার মৃত নূর মোহাম্মদ ঢালীর ছেলে। সে পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, হালিমের মারধরে মারাত্মক আহত হাসি ২০১৪ সালে ৭ মে বরিশালে চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় হাসির মা আনোয়ারা বেগম বাদী হয়ে ১১ মে মঠবাড়িয়া থানায় হালিমসহ তিন জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।