ইফাজ আহমেদের ‘লেটস ফার্নিশ’ জয় করল ইও জিএসইএ

প্রথমবারের মতো ভার্চুয়ালি আয়োজিত হলো গ্লোবাল স্টুডেন্ট এন্ট্রাপ্রেনিওর অ্যাওয়ার্ডস (ইও জিএসইএ) বাংলাদেশ পর্বের ফাইনাল রাউন্ড। গত ১৫ অক্টোবর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হওয়া ৫ম ইও জিএসইএ ২০২০-২১ প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ১০ জন ছাত্র-উদ্যোক্তা অংশগ্রহণ করেন এবং চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত পাঁচ প্রতিযোগীকে পেছনে ফেলে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইফাজ আহমেদ তার ‘লেটস ফার্নিশ’ উদ্যোগের জন্য বিজয়ী ঘোষিত হন। বাংলাদেশ পর্বে বিজয়ী ইফাজ আহমেদ জিএসইএ গ্লোবাল ফাইনালে অংশগ্রহণ করবেন এবং বিশ্বের শীর্ষ ছাত্র-উদ্যোক্তাদের সঙ্গে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে ৪০ হাজার মার্কিন ডলার নগদ এবং অনুদানমূলক পুরস্কার বিজয়ের সুযোগ লাভ করবেন। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, এমপি।

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার এক তৃতীয়াংশ যুবক। ভিশন-২০২১, এসডিজি লক্ষ্যমাত্রা ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য বর্তমান সরকারের রয়েছে তার মূল চালিকাশক্তি হলো আমাদের এই যুবকেরা। ইও জিএসইএ-এর মতো উদ্যোগ আমাদের তরুণ প্রজন্মকে নতুন প্রজন্মের বিকাশে অবদান রাখতে উত্সাহিত করবে। উক্ত অনুষ্ঠানে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিওরশিপ স্কুলের ডিন (অ্যাকটিং) অধ্যাপক সরওয়ার উদ্দিন আহমেদ, সম্মানীয় গেস্ট স্পিকার হিসেবে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিনা এফ জাবিন বক্তব্য দেন। প্রতিযোগিতাটির জুরি বোর্ডের সদস্য ছিলেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ইও বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি হোসেন খালেদ, গ্রীন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ইও বাংলাদেশের সাবেক সভাপতি ফারজানা চৌধুরী, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা ও স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ইমরান রহমান।

ইও বাংলাদেশের বোর্ড মেম্বারদের মধ্যে ইও বাংলাদেশের সভাপতি ও শাশা ডেনিমস লিমিটেডের পরিচালক জেরিন মাহমুদ হোসেন বলেন, ইও বাংলাদেশ প্রতিষ্ঠাকালের শুরু থেকেই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে থেকে উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রশিক্ষণ দেওয়া এবং সাহায্য করার জন্য কাজ করে আসছে। এছাড়াও ইও বাংলাদেশের বোর্ড মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন জে কে গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও ইও বাংলাদেশের জিএসইএ চেয়ার মো. তানভীর খান এবং ইও বাংলাদেশের জিএসইএ কো-চেয়ার ও এরিস্টো ফার্মা লিমিটেডের পরিচালক আহমেদ ইমতিয়াজ হাসান। —প্রেস বিজ্ঞপ্তি