ইত্তেফাক রিপোর্ট
চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, হালকা প্রকৌশল ও প্লাস্টিক শিল্প খাতের পণ্য উত্পাদনে আধুনিক সুযোগসুবিধাসহ শিল্প এলাকায় অবকাঠামো উন্নয়নে প্রায় ৩৪০ কোটি টাকার (৪ কোটি মার্কিন ডলার) তহবিল গঠন করা হয়েছে। এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (ইসিফোরজে) প্রকল্পের আওতায় বাস্তবায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অর্থায়ন করছে বিশ্বব্যাংক। আজ বুধবার আনুষ্ঠানিকভাবে ঐ তহবিল অবমুক্ত করা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় আশা করছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে তৈরি পোশাক খাতের বাইরে আলোচ্য চারটি খাতের নির্বাচিত শিল্পকারখানা আধুনিক প্রযুক্তিসম্পন্ন বিশ্বমানের পণ্য উত্পাদন করতে সক্ষম হবে। তহবিল থেকে অনুদান প্রদানের লক্ষ্যে শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী গোষ্ঠী বা কনসোর্টিয়ামের কাছ থেকে আবেদন নেওয়া হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে পল্টন টাওয়ারে অর্থনীতিবিষয়ক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে এক কর্মশালায় এসব তথ্য জানান প্রকল্প পরিচালক ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ওবায়দুল আজম। ইআরএফ সভাপতি শারমীন রিনভীর সভাপতিত্বে এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাবলিক ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি ফর ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেইন্টস (পিআইএফআইসি) কর্মসূচির মাধ্যমে শিল্প এলাকায় অবকাঠামো উন্নয়নের বিষয়টি বাস্তবায়ন করা হবে। বিশেষত পানি শোধন ব্যবস্থা, পরিবেশবান্ধব পণ্য উত্পাদনে যৌথ উদ্যোগে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন, বিশেষায়িত ওয়্যারহাউজ, মানসম্পন্ন বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা, পয়োনিষ্কাশন ব্যবস্থাপনাসহ অবকাঠামো বাস্তবায়ন হবে পিআইএফআইসি অধীনে। প্রকল্পটিযৌথভাবে বাস্তবায়ন করছে বাণিজ্য মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক। ইআরএফ সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক-১ মো. আবু ছাঈদ জোয়ারদার, উপপ্রকল্প পরিচালক-৩ শেখ মো. আব্দুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মো. লুত্ফর রহমান, পিআইএফআইসি কর্মসূচির টিম লিডার সবুজ এ ইকবাল প্রমুখ।