অ্যাপোলো ইস্পাত লভ্যাংশ দেবে না

ইত্তেফাক রিপোর্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ডিসেম্বর। তথ্য মতে, আলোচ্য হিসাব বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ দশমিক ৩১ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল শূন্য দশমিক শূন্য পাঁচ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩০ টাকা। এর আগের বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২০ দশমিক ১৯ টাকা।