ব্যবসা পুনরুদ্ধার পরিকল্পনা প্রণয়নের তাগিদ অর্থনীতিবিদদের

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি বেশি ক্ষতির মুখে অপেক্ষাকৃত স্বল্প পুঁজির উদ্যোগ। এছাড়া নতুন উদ্যোগও এখন প্রত্যাশিত মাত্রায় এগোচ্ছে না। মূলত অর্থায়ন সংকটই এর পেছনে বড় কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যবসা পুনরুদ্ধার পরিকল্পনা বা বিজনেস রিকভারি প্ল্যান তৈরি ও তা যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তারা। শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্সের (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগ আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে তারা এসব কথা বলেন। ‘করোনা পরবর্তী নতুন সরবরাহ চেইনের তত্পরতা : এসএমই ও নতুন উদ্যোক্তাদের জন্য সম্ভাবনা’ শীর্ষক ঐ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভারতের এমটিসি গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ভোলানাথ দত্ত। ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এ সময় স্থানীয় ও আন্তর্জাতিক অঙ্গনের অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা পরিস্থিতি মোকাবিলা তথা উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে তাদের মতামত তুলে ধরেন।