টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে পাঁচ জন নিহত

টাঙ্গাইলে পাঁচ জনসহ গতকাল মঙ্গলবার সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে আট জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। গতকাল ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকচালকের সহকারী রাজশাহীর গোদাগাড়ী এলাকার মো. তোফাজ্জল হোসেনের ছেলে বুলবুল মিয়া (২৮), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার শ্রমিক বাবুল মিয়া (৩২), সোবাহান (৩৪), নজরুল ইসলাম (৩৫) ও রিয়াদ মিয়া (৩০)। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক মোহাম্মদ জিয়াউল হক জানান, ঢাকাগামী সবজিবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উলটে মহাসড়কের সার্ভিস লেনে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত হন। আহত তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো এক জন মারা যান। ট্রাকের চালক পালিয়ে গেছেন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, বাঞ্ছারামপুরের মাতু মিয়া রাস্তার মোড়ে ট্রাকচাপায় মিনারা বেগম নামে এক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় রাস্তা পারাপারের সময় পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনারা বেগমের মৃত্যু হয়।

মিনারা বেগম কানাই নগর গ্রামের মজিবুর রহমানের স্ত্রী। ট্রাক জব্দ ও চালককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, নিয়ামতপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় আজাদ আলী (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির আরো দুই যাত্রী।

জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে নিয়ামতপুর-ধানসুরা সড়কের ভাদরন্ড মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ আলী উপজেলার ঝলঝলিয়া গ্রামের মৃত তফির উদ্দিনের ছেলে। আহতরা হলেন নিহত আজাদ আলীর ছেলে সাহাদাত (১৮) ও একই গ্রামের মোস্তাকের ছেলে সোহান (১৭)। এর মধ্যে সাহাদাতের অবস্থাও আশঙ্কাজনক। নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির এ খবর নিশ্চিত করেছেন।

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার দুর্গাপুরে ইটবাহী ট্রাক উলটে মো. মোস্তফা কাজী (৩৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি গাজীপুরের বাসন থানার বাসিন্দা।

জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে একটি ইটবাহী ট্রাক উলটে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়লে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা কাজী। দুর্গাপুর থানার ওসি শাহীনুর এ আলম জানান, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে।অভয়নগর (যশোর) সংবাদদাতা জানান, যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া-চেঙ্গুটিয়া বাজারে সড়ক দুর্ঘটনায় দুই জন আহত হয়েছেন। খুলনা হতে ছেড়ে আসা একটি ট্রাক চেঙ্গুটিয়া নামক স্থানে একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সার জন্য পাঠানো হয়েছে।

আহতরা হলেন অভয়নগর উপজেলার হরিষপুর গ্রামের মৃত লোকমান মোল্যার পুত্র মো. নূর মিয়া (৫০) ও একই গ্রামের মো. আনোয়ার হোসেন (৫২)।