দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিত্সা শেষে ৪ লাখেরও বেশি রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেদিন থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৮ লাখ ৯৪ হাজার ৬২২টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৪ লাখ ১ হাজার ১৯৪ জন।
গতকাল মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এক দিনে আরো ৩২ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ৬ হাজার ৯০৬ জনে পৌঁছেছে। ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ২০২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ২ হাজার ৫৭১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ আর নারী ৭ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। তাদের মধ্যে ২২ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং এক জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ২৩ জন ঢাকা বিভাগের, ছয় জন চট্টগ্রাম বিভাগের এবং এক জন করে মোট তিন জন বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের বাসিন্দা।