ফরিদপুরের আদালত থেকে জামিন পেলেন নিক্সন চৌধুরী

নির্বাচন কমিশনের দায়েরকৃত মামলায় ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার মজিবুর রহমান নিক্সন চৌধুরী। চর ভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা করেছিল ফরিদপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম।

এই মামলায় উচ্চ আদালতে হাজির হয়ে আট সপ্তাহের আগাম জামিন নিয়েছিলেন এমপি নিক্সন চৌধুরী। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন এমপি নিক্সনের কৌশলীগণ। আদালত দুই পক্ষের শুনানি শেষে ২ হাজার টাকা বণ্ডের বিপরীতে এমপি নিক্সন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালত থেকে বের হয়ে তাত্ক্ষণিকভাবে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় জানান, আইন তার নিজস্ব গতিতে চলে, আমি আইনের প্রতি সর্বদাই শ্রদ্ধাশীল। আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই মামলার নিষ্পতি হবে। আমি লুঙ্গি, গামছা সঙ্গে নিয়েই আসছিলাম, আদালত যদি জামিন না দিতেন জেলে চলে যেতাম। আমি রাজনীতি করি, রাজনীতি করলে জেলে যাওয়া স্বাভাবিক।

চর ভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এখানেও আমরা আইনি লড়াই করব। প্রেসিডিয়াম মেম্বার নিক্সন আর সংসদ সদস্য নিক্সন কি একই রকম এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রেসিডিয়াম মেম্বার হওয়ার পরে দায়িত্ব বেড়ে গেছে, সারা দেশব্যাপী যুবলীগকে সংগঠিত ও শক্তিশালী করতে হবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।