খুনের আসামিকে মেয়র পদে মনোনয়ন না দিতে আওয়ামী লীগ নেতাদের আহ্বান

চুনারুঘাট পৌরসভা নির্বাচনের মেয়র পদে খুনের মামলার আসামি সাইফুল ইসলাম রুবেলকে মনোনয়ন না দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চার প্রার্থী  ও আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ আবেদন জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা সাথী মুক্তাদির চৌধুরী।

লিখিত বক্তব্যে বলা হয়, সাইফুল ইসলাম রুবেল বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা চালান। এই অভিযোগে যুবলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ নেতা আবুল হোসেন হত্যা মামলার আসামি ও বহিষ্কৃত ব্যক্তি সাইফুলকে দলীয় মনোনয়ন দেওয়া হলে নির্বাচনে এর বিরূপ প্রভাব পড়বে এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

উল্লেখ্য, আবু তাহের উপজেলা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলেন। সংবাদ সম্মেলনে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুল, পৌর যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম, হবিগঞ্জ জেলা যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বজলুর রশিদ দুলাল। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।