বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার উসকে দিচ্ছে মৌলবাদকে। যার কারণ, এটাতে তারা রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ চাপিয়ে বিরোধী দলকে নিঃশেষ করার চেষ্টা করছে তারা। এটি একটি নোংরা রাজনীতি। ফলে দেশের ক্ষতি হচ্ছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই। কারণ বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করে। বাংলাদেশে কোনো জঙ্গি আছে বলে আমি মনে করি না। তবে মৌলবাদ আছে, যেটাকে প্রশ্রয় দিচ্ছে আওয়ামী লীগ সরকার। পৌরসভার নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এ নির্বাচন কমিশন যতদিন আছে এবং আওয়ামী লীগ সরকার যতদিন আছে—কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরেও আমরা নির্বাচনে যাব। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।