যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের জানালা ভেঙে পালিয়ে যাওয়া আট বন্দির মধ্যে পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। কেন্দ্রের কর্মকর্তারা অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বন্দি শিশুরা হলো যশোরের হূদয়, আব্দুল কাদের, ফারদিন দুর্জয়, খুলনার রোহান গাজী ও নড়াইলের মুন্না গাজী।
শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক) জাকির হোসেন জানান, পালিয়ে যাওয়া শিশুদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে গতকাল মঙ্গলবার সকালে মুন্না গাজী এবং দুপুরে আব্দুল কাদেরকে উদ্ধার করা হয়। আর সোমবার রাতে অন্য তিন জনকে একইভাবে উদ্ধার করা হয়। গত ৬ ডিসেম্বর গভীর রাতে কেন্দ্রের আবাসিক ভবনের জানালা ভেঙে আট শিশু বন্দি পালিয়ে যায়।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের বন্দি রাজু বিশ্বাস পালিয়ে যায়। এছাড়া ২০১৪ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে পালিয়ে গিয়েছিল ছয় কিশোর অপরাধী।
এদিকে গত ১৩ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীরা ১৮ বন্দি শিশুর ওপর নির্যাতন চালান। এতে তিন শিশু নিহত এবং ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐ ঘটনায় পাঁচ কর্মকর্তা ও সাত শিশুর বিরুদ্ধে মামলা চলমান। আর ঐ সময় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়। দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত রিপোর্টে অভিযুক্তদের বিরুদ্ধে কাজে গাফিলতির বিষয়টি উঠে এসেছে।