স্কুল থেকে খাজা নাজিমুদ্দীনের নাম মুছে দিল ছাত্রলীগ

তত্কালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের নামে ঈশ্বরদীতে ‘বাংলাদেশ রেলওয়ে নাজিমুদ্দীন উচ্চ বিদ্যালয়’-এর সাইনবোর্ড থেকে নাজিমুদ্দীনের নাম মুছে দিয়েছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার বিকালে পোস্ট অফিস মোড় থেকে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শহরের লোকোরোডে অবস্থিত ঐ স্কুলের সাইনবোর্ড থেকে তার নাম মুছে দেয়। এসময় তারা ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ এবং চক্রান্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিল শেষে ঐ স্কুলের সামনে অনুষ্ঠিত পথসভায় ঈশ্বরদী ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি বলেন, তত্কালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দীনের সময়ে ২১ ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মিছিলে গুলিবর্ষণ করে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছিল। তাই বঙ্গবন্ধুর বাংলায় রক্তখেকো নিজামুদ্দীনের নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না। তারা আরো বলেন, এই স্কুলের নাম পরিবর্তনের জন্য বারবার পাকশী বিভাগীয় রেলওয়ে দপ্তরে দাবি জানানো হলেও আজ অবধি এই দাবি বাস্তবায়ন হয়নি।

সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সাবেক সদস্য সাকিবুর রহমান কনকের নির্দেশে আজকের এই কর্মসূচি পালন করা হলো। এ সময় তিনি এলাকার পাঁচ বারের জাতীয় সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা শামসুর রহমান শরীফের নামে ঐ স্কুলের নামকরণের দাবি জানান। বিগত বছরে ঈশ্বরদী প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবসের আলোচনাসভায় বক্তারা ঐ রেলওয়ে স্কুলের নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।

গতকালের পথসভায় আরো বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাওন, কলেজ শাখার সভাপতি খোন্দকার মো. আরমান। এসময় পৌরসভার ৯টি ওয়ার্ড ও সাতটি ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।