চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরবর্তী বন্দর এলাকার মধ্যে লালদিয়ার চর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৯ মার্চ এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য দিন ধার্য রেখেছে আদালত। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে আইনজীবী মুরাদ রেজা ও রিটের পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন।
মনজিল মোরসেদ বলেন, কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদে করা রিটের পরিপ্রেক্ষিতে একটি জরিপ প্রতিবেদন দিয়েছিল জেলা প্রশাসন। সেখানে প্রায় ২ হাজারের ওপর অবৈধ স্থাপনা ছিল। এরপর ২০১৬ সালে হাইকোর্টের এক রায়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়। ঐ নির্দেশের পর আংশিক স্থাপনা উচ্ছেদ শেষে আর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এখন নতুন করে সময় চাচ্ছেন বন্দর কর্তৃপক্ষ। তিনি বলেন, আদালত বলেছেন রায় বাস্তবায়ন না করা দুর্ভাগ্যজনক। একই সঙ্গে রায় বাস্তবায়নে চট্টগ্রামের ডিসি, সিডিএ চেয়ারম্যান ও সিটি করপোরেশনের প্রশাসকসহ সব বিবাদীদেরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।