জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে : উপাচার্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেছেন, ভাস্কর্য ইতিহাস, ঐতিহ্য, শিল্পকলা ও সাহিত্যের অংশ। ভাস্কর্য আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে মনে করিয়ে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য এই পরিপ্রেক্ষিতে তাত্পর্যপূর্ণ কারণ তিনি আমাদের ইতিহাস রচনা করেছেন। তাই বঙ্গবন্ধুর প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার ভাস্কর্য নির্মাণ করা হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে (ডেইরি গেট) কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। উপাচার্য আরো বলেন, জাতির পিতার ভাস্কর্যে আঘাত মানে বাংলাদেশের স্বাধীনতা ও অস্তিত্বের ওপর আঘাত। এই ঘৃণ্য কাজ যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

মানববন্ধনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এ মামুন, অধ্যাপক ড. মোহা. মুজিবুর রহমান, অধ্যাপক ড. সোহেল আহমেদ, অধ্যাপক ড. জেবউননেছা ও ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল হাসান প্রমুখ।