দেশে প্রথমবারের মতো মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মধ্য দিয়ে কম্পোস্ট সার তৈরি করতে যাচ্ছে গাজীপুর সিটি করপোরেশন। এই সার তৈরি ও বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে গাজীপুর সিটি করপোরেশনের সঙ্গে বিশ্বব্যাংকের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম ও বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়্যাল করপোরেশনের (আইএফসি) পক্ষে ফারহান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজলসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নগরীর ৪০ লক্ষাধিক মানুষের মল-বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে সরকার সিটি করপোরেশনকে একটি প্রকল্প দিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মল থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে কম্পোস্ট সার তৈরি হবে। প্রাথমিকভাবে আইএফসির সঙ্গে আমাদের ৭০০ কোটি টাকার চুক্তি হয়েছে। পরবর্তী পর্যায়ে এই টাকার পরিমাণ আরো বাড়বে।