বাদামতলী এলাকায় যানজট নিরসনে পুলিশের অভিযান

রাজধানীর বাদামতলী এলাকায় যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক লালবাগ বিভাগ। গতকাল ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় রাস্তায় প্রতিবন্ধকতাকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ১৬ জনকে গ্রেফতার করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, বাদামতলী এলাকার ফল মার্কেটগুলোতে আগত ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে নিয়মিতভাবে এ এলাকায় যানজট সৃষ্টি করছে। এই সমস্যা নিরসনে আমরা ফল ব্যবসায়ী এবং স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে একাধিক বার বৈঠক করেছি। এর পরও এই এলাকার যানজট নিরসন না হওয়ায় ট্রাফিক লালবাগ বিভাগ ও কোতোয়ালি থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। বাদামতলীসহ অন্যান্য এলাকার যানজট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।