মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল আগেই নির্ধারিত হয়ে গেছে। তারপরও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমের চাপে জর্জিয়া অঙ্গরাজ্যে তিন বার ভোট গণনা করা হয়েছে। আর তিন বারই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ী হয়েছেন।
সোমবার ভোটের ফল প্রত্যয়ন আবারও করা হয়েছে বলে জর্জিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেন্সপারজার জানিয়েছেন। নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আইনি লড়াই চালিয়ে যাওয়া ট্রাম্পের জন্য এটি বড় ধাক্কা।
রাফেন্সপারজার বলেন, জর্জিয়া এবং দেশের নির্বাচনের ইতিহাসে আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। জর্জিয়ার বাসিন্দাদের এটা জানা দরকার যে, তাদের সব বৈধ ভোট সঠিকভাবে, স্বচ্ছভাবে এবং বিশ্বাসযোগ্যভাবে গণনা করা হয়েছে। নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর জন্য তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, ধারাবাহিকভাবে নির্বাচনে জালিয়াতির অভিযোগ রাজ্যের ক্ষতি করছে। এখন সময় ভবিষ্যতের দিকেই মনোযোগ দেওয়া। একই দিন জর্জিয়ার ফেডারেল আদালত দুটি মামলা খারিজ করেছে। জর্জিয়ায় বাইডেন ১২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী অঙ্গরাজ্যগুলোকে ৮ ডিসেম্বরের মধ্যে সব ধরনের আইনি বিরোধ নিষ্পত্তি করে ভোটের ফল প্রত্যায়ন করতে হবে। সেই হিসেবে গতকালই (মঙ্গলবার) ইলেকটরদের নাম ঘোষণার কথা রাজ্যগুলোর। আগামী ১৪ অক্টোবর রাজ্যের মনোনীত ইলেকটোরাল কলেজ ভোটাররা মিলিত হবেন এবং নতুন প্রেসিডেন্টকে নির্বাচিত করবেন।