পাকুন্দিয়ায় টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল চালিয়ে কাজে যাওয়ার সময় টমটমের সঙ্গে সংঘর্ষে শওকত আলী (২৪) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের কোদালিয়া চৌরাস্তায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শওকত আলী জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মধ্যেরচর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি পাকুন্দিয়া পল্লী বিদ্যুতের আওতাধীন কোদালিয়া উপকেন্দ্রের লাইনম্যান ছিলেন।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শওকত আলী মোটর সাইকেলে করে অফিসিয়াল কাজে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে কোদালিয়া চৌরাস্তায় একটি টমটমের সাথে মোটর সাইকেলটির সংঘর্ষ হলে শওকত আলী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআর