মা হ মু দু ল আ মি ন
বাংলাদেশে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে বিগত দেড় দশক ধরে নিয়মিত সংবাদ পাঠ করে যারা দর্শকের কাছে সমাদৃত হয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন ফারহানা সালাম। যিনি ২০১৬ সালে সংবাদ পাঠে ‘ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর’ কর্তৃক নারী সাংবাদিকতায় উত্সাহ পদকে ভূষিত হয়েছেন। ফারহানা সালাম শুধু একজন সফল সংবাদ পাঠিকাই নন, এর পাশাপাশি তিনি একজন ঘোষিকা, আবৃত্তিশিল্পী, স্ক্রিপ্ট রাইটার এবং সংগীতশিল্পীও বটে। বাংলাদেশ বেতারে তিনি তালিকাভুক্ত একজন সংবাদ উপস্থাপক, অধিবেশন ঘোষক এবং অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করছেন। একসময় বেতারে নাটক এবং অনুষ্ঠানের স্ক্রিপ্টও করতেন। দীর্ঘ দেড় দশক ধরে এটিএন বাংলায় তিনি সংবাদ পাঠ করে আসছেন। সেই ফারহানা সালামের কাহিনী ও চিত্রনাট্যে আগামী মার্চে শুরু হচ্ছে রাইসুল তমালের সিনেমা ‘ব্ল্যাক অ্যান্ড স্টার’। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ফারহানা সালাম। তিনি বলেন, ‘এর আগে আমার রচিত চারটি নাটক নির্মিত এবং প্রচার হয়েছে। এবারই প্রথম আমার কাহিনি ও চিত্রনাট্যে সিনেমা নির্মিত হতে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমি ভীষণ আনন্দিত। কারণ আমার রচিত কাহিনি এবার সিনেমার পর্দায় দেখা যাবে। এটা সত্যিই অনেক বড় প্রাপ্তি হতে যাচ্ছে। আর শুরুতে এক ধরনের অজানা ভালোলাগা থেকেই আসলে সংবাঠ পাঠ শুরু করা। সময়ের পরিক্রমায় এই কাজটার প্রতি আমার ভালোলাগা ও ভালোবাসা বেড়েছে। কোনো কারণে সংবাদ পাঠে বিরতি এলেই খারাপলাগা অনুভব হয়। শুরু থেকেই আমি এই কাজটি বেশ গুরুত্ব দিয়ে দায়িত্বের সঙ্গে পালন করে আসছি।’