পাবনায় উন্মুক্তভাবে কয়লা বিক্রি!

ঝুঁকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ

পাবনা প্রতিনিধি 

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী নৌবন্দরে উন্মুক্তভাবে কয়লা বিক্রি করা হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকিসহ দূষিত হচ্ছে এলাকার প্রাকৃতিক পরিবেশ। স্থানীয় প্রশাসন ব্যবসায়ীদের উন্মুুক্তভাবে কয়লা বিক্রি না করতে সতর্ক করলেও মানছে না কেউ।

কয়লা ব্যবসায়ীরা জানান, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা কয়লা আসে চট্টগ্রাম বন্দরে। সেখান থেকে কার্গো জাহাজে করে নগরবাড়ী নৌবন্দরে এনে বিক্রি করছেন তারা। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ইটভাটায় এই কয়লা ব্যবহার করা হয়। বন্দর এলাকা ঘুরে দেখা গেছে, উন্মুক্তভাবে বিক্রি হচ্ছে কয়লা। জাহাজ থেকে কয়লা মাথায় বহন করে নামানোর জন্য প্রতিদিন শতশত শ্রমিক ৪০০ থেকে ৫০০ টাকা মজুরিতে কাজ করেন। কয়লাশ্রমিক আব্দুর রহিম জানান, কয়লার ঝুড়ি মাথায় নিলে প্রচুর গরম লাগে। ভিজে মাস্ক নষ্ট হয়ে যায়। নানা রকম অসুখ হয় জেনেও পেটের দায়ে এ পেশায় আছেন বলেও তিনি জানান। নগরবাড়ীর ঘাট এলাকার কৃষক ইয়াসিন আলী জানান, কয়লার গুঁড়া ফসলি জমিতে পরে মাটি কালো হয়ে যাচ্ছে। এসব জমিতে আর কোনো ফসলই ভালো হচ্ছে না।

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. জাহিদ হাসান সিদ্দিকী জানান, ধুলা ও কয়লা গুঁড়োর কারণে শ্বাসতন্ত্রের প্রদাহ ও দীর্ঘমেয়াদি কাশি হতে পারে। অল্প কিছুদিনের মধ্যেই সেটা জটিল অসুখের দিকে যেতে পারে।

বেড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মশকর আলী বলেন, জমিতে কয়লার স্তর পড়লে মাটি থেকে ঠিকমতো প্রাকৃতিক খাদ্য গ্রহণে ফসলের সমস্যা হয়। বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আনাম সিদ্দিকী বলেন, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় নগরবাড়ী ঘাট এলাকার কয়লা ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, কয়লা ঢেকে বিক্রি না করলে অভিযান চালিয়ে তাদের শাস্তির আওতায় আনা হবে।