পণ্য ও সেবা ক্রয়-বিক্রয়ের হিসাব সঠিকভাবে রাখতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে স্বয়ংক্রিয় হিসাবযন্ত্র (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি) স্থাপনের কাজ শুরু করেছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ইএফডি মেশিন বসানো হয়েছে। এনবিআর চাইছে পর্যায়ক্রমে দেশের সব সিটি করপোরেশন এলাকা ছাড়িয়ে জেলা পর্যায়ে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ মেশিন ব্যবহার বিস্তৃত করতে। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ভবিষ্যতে জেলাসহ অর্থনৈতিক কার্যক্রমে অগ্রসরমান এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানেও এ মেশিন ব্যবহার শুরু করা হবে। আজ বৃহস্পতিবার দেশব্যাপী জাতীয় ভ্যাট দিবস পালন হচ্ছে। এ উপলক্ষ্যে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ঐ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এবার ভ্যাট দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘মুজিববর্ষের অঙ্গীকার, ইএফডিতে এনবিআর’। এর আগে ব্যবসাপ্রতিষ্ঠানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার মেশিন (ইসিআর) ব্যবহার করা হতো। তবে পণ্য বা সেবা বিক্রয়কালে ক্রেতা ইসিআরের মাধ্যমে গ্রাহককে চালান না দেওয়া কিংবা চালান দেওয়া হলেও তাতে অনিয়ম করার সুযোগ ছিল বলে অভিযোগ রয়েছে। এ সমস্যা সমাধানে এনবিআর ইএফডি ব্যবস্থা চালু করে। ইএফডির কার্যক্রম এনবিআরের রক্ষিত সার্ভারের সঙ্গে যুক্ত থাকবে। ফলে কোনো পণ্য বিক্রয় হলে ইএফডির মাধ্যমে ক্রেতাকে চালান পরিশোধ করলে তা স্বয়ংক্রিয়ভাবে এনবিআরে রক্ষিত হবে। ফলে এক্ষেত্রে অনিয়ম করার সুযোগ কমে যাবে। তবে কোনো পণ্য বিক্রয়ের হিসাব যদি ইএফডির মাধ্যমে না রাখা হয়, তাহলে এর থেকে ভ্যাটও পাওয়া যাবে না। অর্থাত্ ইএফডির সঠিক ব্যবহারকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। এটি স্বীকার করেছেন এনবিআর চেয়ারম্যানও। তিনি বলেন, ইএফডির সঠিক ব্যবহার বড় চ্যালেঞ্জ। তবে ইএফডির মাধ্যমে পণ্য ক্রয়-বিক্রয়ের হিসাব রাখায় উত্সাহিত করতে এনবিআর ক্রেতার জন্য পুরস্কার প্রবর্তন করেছে। তিনি বলেন, ইএফডির চালান জমা দিলে প্রতি মাসে লটারির মাধ্যমে ১০১ জনকে পুরস্কার দেওয়া হবে। ফলে পুরস্কারের জন্য ক্রেতারা ইএফডির মাধ্যমে ক্রয়-বিক্রয়ে উত্সাহিত হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ইএফডি ব্যবহারের ক্ষেত্রে ব্যবসায়ীদের কিছু বিড়ম্বনার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কোনো নতুন বিষয়ে সমস্যা থাকবেই। এটি সমাধানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়া ভ্যাট ব্যবস্থাকে অনলাইন করতে ভ্যাট অনলাইন প্রকল্পের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হচ্ছে বলেও জানান তিনি। অবশ্য প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ভিয়েতনামের এফপিটির অতীত কার্যক্রম নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, প্রকল্পের মাঝপথে তো কাউকে বাদ দেওয়া যায় না। এ বিষয়ে এনবিআর সদস্য আব্দুল মান্নান শিকদার বলেন, এফপিটিকে চাপে রাখা হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইনের পুরো ব্যবস্থাপনাকে সচল (বিভিন্ন মড্যুল) না করলে আরেকটা ব্যর্থতা হবে। তা যেন না হয়, এটি দেখভালের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর করোনার কারণে ভ্যাট দিবস অনাড়ম্বরভাবে পালন করা হবে। র্যালি, বড় আকারের সংবর্ধনা, সাজসজ্জাকরণ, স্যুভেনির প্রকাশনাসহ বেশ কিছু কাজ বাতিল করা হয়েছে। কেবল আজ বৃহস্পতিবার এনবিআরে ছোট পরিসরে একটি সেমিনারের আয়োজন করা হবে।