ইত্তেফাক রিপোর্ট
সহজ হচ্ছে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব খোলার পদ্ধতি। ডিজিটাল প্ল্যাটফরম ব্যবহার করে সহজে বিও হিসাব খোলার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ পদ্ধতিতে বিও হিসাব খোলার মাধ্যমে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, বিনিয়োগকারীরা যাতে সহজে বিও হিসাব খুলতে পারেন, সে বিষয়ে সম্প্রতি নির্দেশনা দেয় বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এরপর দ্রুত এ বিষয়ে কাজ শুরু করে কমিশন। ইতিমধ্যে ট্রেকহোল্ডারদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে। বৈঠকে বিএসইসির কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং বিএসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে অনলাইনে বিও হিসাব খোলার সুবিধা অসুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে যেসব অসুবিধার কথা আলোচনায় উঠেছে সেগুলো কীভাবে সমাধান করে বিনিয়োগকারীদের সহজে বিও হিসাব খোলার ব্যবস্থা করা যায় তা নিয়ে কাজ করছে কমিশন।
০