স্পোর্টস রিপোর্টার
গত মঙ্গলবার রাতে ম্যাচের শেষ বলে গাজী গ্রুপ চট্টগ্রামের কাছে হেরেছিল জেমকন খুলনা। মাশরাফি বিন মুর্তজার ফেরার ম্যাচে হারের স্বাদ নিয়ে ফেরা খুলনা আজ আবারও মাঠে নামছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বেক্সিমকো ঢাকার মুখোমুখি মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচ শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।
আজ দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গাজী গ্রুপ চট্টগ্রামের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৫টায়। দুই দলই গত মঙ্গলবার দারুণ জয় পেয়েছিল। রাজশাহীর বিশাল স্কোর তাড়া করে পাওয়া জয়ে চাঙ্গা আছে বরিশাল। তবে প্লে-অফ নিশ্চিত করার লড়াইয়ে টিকে থাকতে হলে আজ জয় প্রয়োজন তামিমের দলের। ছয় ম্যাচে তাদের জয় দুটি। ছয় ম্যাচে পাঁচ জয়ে দুর্দান্ত ছন্দে থাকা শক্তিশালী চট্টগ্রামের বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জই পাড়ি দেবে বরিশালকে। দুই দলের প্রথম সাক্ষাতে অবশ্য চট্টগ্রাম ১০ রানে জিতেছিল।
আজ খুলনার বিরুদ্ধে জয় পেলে প্লে-অফে খেলা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ঢাকার। ছয় ম্যাচে তিন জয় আছে ঢাকার। এদিকে ঢাকা দলেও এসেছে পরিবর্তন।
করোনার উপসর্গ থাকায় বাঁ-হাতি পেসার মেহেদী হাসান রানাকে হোটেলেই আইসোলেশনে রাখা হয়েছে। তার বদলি হিসেবে আল-আমিন জুনিয়রকে দলে নিয়েছে ঢাকা। গতকাল বিসিবি একাডেমি মাঠে দলের সঙ্গে অনুশীলনও করেছেন ডান হাতি এই ব্যাটসম্যান। দুই দলের আগের সাক্ষাতে ঢাকা হেরেছিল ৩৭ রানে। আজ খুলনাকে হারিয়ে সেই হারের শোধ নেওয়ার টার্গেটও থাকবে মুশফিক বাহিনীর। সাত ম্যাচে চার জয় নিয়ে প্লে-অফে পা দিয়ে রেখেছে খুলনা। লিগ পর্বে আজই দলটির শেষ ম্যাচ। জয় দিয়ে লিগ পর্ব শেষ করার লক্ষ্যে নামবে মাহমুদউল্লাহর দলও।
আজকের খেলা
ঢাকা-খুলনা, বেলা ১২টা ৩০ মিনিট
বরিশাল-চট্টগ্রাম, সন্ধ্যা ৫টা ৩০ মিনিট
(মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম)