স্পোর্টস রিপোর্টার
নারী ফুটবল লীগে বসুন্ধরা কিংস অভিযান শেষ করেছে। গতকাল কমলাপুর স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে বসুন্ধরা কিংস ১৪-১ গোলে এফসি উত্তরবঙ্গকে হারিয়েছে। বসুন্ধরা প্রতিটি ম্যাচের মতো এই ম্যাচেও গোলের বন্যা বইয়ে দিয়েছে। হ্যাটট্রিক হয়েছে ৩টি। তবে এবারও অধিনায়ক সাবিনা খাতুন ডাবল হ্যাটট্রিক হতে বঞ্চিত হয়েছেন। দুইবার ডাবল হ্যাটট্রিকের কাছে গিয়ে স্বপ্ন পূরণ হয়নি। সাবিনার আগেই জামালপুর কাচারীপাড়া একাদশের সাদিয়া আক্তার ডাবল হ্যাটট্রিক করে দেশের নারী লিগে নিজের নাম খোদাই করেন। লিগে ১২ ম্যাচে ৮ হ্যাটট্রিক করেন। এই লিগে সাবিনার গোলের সংখ্যা ৩৫। আর সাবিনার ক্যারিয়ারে সব মিলিয়ে ২৬৬ গোল লেখা রয়েছে। গতকাল উত্তরবঙ্গের বিপক্ষে সাবিনা গোল করেছেন ৫টি। শিউলী ও কৃষ্ণা হ্যাটট্রিক করেন। তহুরা ২, স্বপ্না ১ এবং উত্তরবঙ্গের সুলতানা ১টি গোল করেন। কমলাপুর স্টেডিয়ামে কাল নিজেদের শেষ ম্যাচে জয় পাওয়ায় বসুন্ধরা কিংস অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এক ম্যাচ হাতে রেখেই বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করেছিল। কাল অপরাজিত থাকল শেষ ম্যাচটি জিতে।
নারী লীগ এখনো শেষ হয়নি। গতকাল নাসরিন স্পোর্টস একাডেমি ৫-১ গোলে জামালপুর কাচারীপাড়া একাদশকে হারিয়ে লীগ রানার্সআপ হয়। রানার্সআপ দলের সাজেদা ২, রিতু ১, সোহাগী ১, মারজিয়া ১ এবং জামালপুরের শিরিন ১ গোল করেন।