মাসুম বিল্লাহ, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সরাবদী আতাদী সবজিগ্রাম হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রায় ৫০ একর জমিতে বিভিন্ন ধরনের শীতকালীন নানান সবজির চাষ হয়েছে এ গ্রামে। যার মধ্যে আছে লাউ, টম্যাটো, বেগুন, মিষ্টিকুমড়া, ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াস প্রভৃতি। এ গ্রামের শিক্ষিত যুবক শফিকুল ইসলাম পাঁচ বছর আগে আড়াইহাজার উপজেলার সাবেক কৃষি অফিসার মোহাম্মদ আব্দুল কাদিরের পরামর্শে প্রথমে এক বিঘা জমিতে লাউ ও এক বিঘা জমিতে টম্যাটো চাষ করে সাফল্যের মুখ দেখেন। এর পর থেকে তাকে আর পিছনে তাকাতে হয়নি। বর্তমানে তিনি প্রায় পাঁচ একর জমিতে লাউ, টম্যাটো, বেগুনসহ বিভিন্ন সবজি চাষ করছেন। সরেজমিনে জানা যায়, তার উত্পাদিত এ সবজি সংগ্রহ শুরু হয়েছে। তিনি এ বছর সবজি চাষ থেকে আনুমানিক ৩ লাখ টাকা আয় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। শফিকুলের এ কাজে অনুপ্রাণিত হয়ে এ গ্রামের শতাধিক চাষি এখন সবজি চাষ করে লাভবান হচ্ছেন এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি করেছেন।
উপজেলার সাবেক কৃষি অফিসার ও বর্তমানে নারায়ণগঞ্জের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আব্দুল কাদির জানান, তাদের উত্পাদিত সবজি দেশে ও বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। স্থানীয় বাজারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। তিনিসহ কৃষি বিভাগে কর্মরত প্ল্যান্ট ডক্টর ও উপসহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আকতার রোগবালাই ও পোকামাকড় দমনে নানাবিধ পরামর্শ প্রদান করে বাণিজ্যিকভিত্তিতে সবজি চাষে সহযোগিতা করেছেন। এছাড়া বিষমুক্ত, নিরাপদ ও পরিবেশবান্ধব জৈব বালাইনাশকের ব্যবহার ও সেক্স ফেরোমেন পদ্ধতি অবলম্বন করতে কৃষকদের প্রশিক্ষণ ও উত্সাহ প্রদান করে যাচ্ছেন। সফল সবজিচাষি শফিকুল ইসলাম জানান, তিনি সবজি চাষ করে স্বাবলম্বী। স্ত্রী, সন্তান নিয়ে সুখেই জীবন যাপন করছেন। তার সবজি বাগানের লাউ বিক্রি শুরু হয়েছে। বাকি সবজিগুলো পর্যায়ক্রমে বিক্রি হবে।