মোট মৃতের অর্ধেকের বেশি ঢাকার

দেশে করোনা ভাইরাসে মোট মৃতের অর্ধেকের বেশি ঢাকা বিভাগের। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ হাজার ৯৩০ জন। এর মধ্যে ৩ হাজার ৭৬০ জন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া ১ হাজার ২৯০ জন চট্টগ্রাম বিভাগের, ৪১৪ জন রাজশাহী বিভাগের, ৫০৫ জন খুলনা বিভাগের, ২২৯ জন বরিশাল বিভাগের, ২৭১ জন সিলেট বিভাগের, ৩১২ জন রংপুর বিভাগের এবং ১৪৯ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা মারা গেছেন।

গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২৪ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৫৯ জন। আর এই সময়ে আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ১৫৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৪ হাজার ১০৪ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ২৪ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৯৩০ জনে দাঁড়িয়েছে।